বরিশালে দুই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা

জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিমাপে কারচুপি প্রতিরোধে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়ায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস।
অভিযানকালে গড়িয়ারপাড় এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশনে পরিমাপে অনিয়ম ধরা পড়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাম্পের ডিজিটাল মেশিন দ্রুত মেরামত করার জন্য ব্যবস্থাপক মো. জয়কে সময় বেঁধে দেওয়া হয়।
পরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ এলাকার কামিনী ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানেও পরিমাপে কারচুপির প্রমাণ মেলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. সোহেলকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
এ ছাড়া নগরের কাশিপুর এলাকার রাব্বি ফিলিং স্টেশনেও তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। তবে সেখানে পরিমাপ সঠিক পাওয়ায় কোনো জরিমানা বা জরিমানা আরোপ করা হয়নি।
অভিযানে বাবুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উপপরিচালক মো. হাবিবুর রহমান ও পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলে পরিমাপে কম দেওয়ার অভিযোগ পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
