গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সব অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এছাড়াও ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকাও তৈরি করা হচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছি। আমরা আশাবাদী সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
তিনি আরও বলেন, গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ইতিহাস তা ফ্যাসিবাদের কর্মকাণ্ডের অঙ্গ। আমরা গণতান্ত্রিক আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের অধিকার এবং স্বাধীনতা যারা চর্চা করেছেন সেই গণমাধ্যম কর্মীদের নির্যাতনের যে অপরাধ তা আমরা তামাদি হতে দেব না। এই অপরাধকে চিহ্নিত করতে আমরা সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইতোমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছি।
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় আরও বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রমুখ।