আদালত ভবন থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোমিন সদরের কোবদাসপাড়া মহল্লার সবুর আলীর ছেলে। তিনি একটি চুরির মামলায় জেলহাজতে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, আদালতের দ্বিতীয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়া আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর চুরির মামলায় জেলহাজতে থাকা আসামি মোমিনকে আদালতে হাজিরা দিতে নিয়ে এসে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয়তলার হাজতখানায় রাখা হয়েছিল। পরবর্তীতে হাজতখানায় অন্য একজন আসামিকে ঢোকানোর সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। এরপর বারান্দায় কোনো গ্রিল না থাকার সুযোগে সেখান থেকে নিচে লাফ দিয়ে পালিয়ে যান।


