logo
Advertisement

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

এশিয়া পোস্ট নিউজ,কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

Advertisement

রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রাবেয়া আক্তার (৪৫), তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) এবং তার পাঁচ বছর বয়সি মেয়ে জারামনি। আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মেহেদী হাসান জানান, স্থানীয় লোকজন আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।