নিজ এলাকা থেকে জামায়াত প্রার্থীর নির্বাচনি প্রচারণা শুরু

প্রতীক বরাদ্দ পেয়ে নিজ এলাকার থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন বগুড়া-৬ (সদর) আসনের জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল।
সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে শহরের সেউজগাড়ি আমতলা মোড় থেকে সদরের উপনির্বাচনের প্রচারণা কর্মসূচি শুরু হয়।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান বলেন, এই আসনে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হয়েছিলেন। আমরা আশা করেছিলাম তিনি তার পিতৃভূমি এলাকা থেকে সংসদে প্রতিনিধিত্ব করবেন। কিন্তু তিনি এই আসন ছেড়ে দিয়েছেন। যিনি প্রার্থী হয়েছেন তার সম্পর্কে আমরা কিছু বলব না। আমরা ইতিবাচক কথাই বলব।
তিনি বলেন, আমার বাড়ি ৮ নম্বর ওয়ার্ড এলাকায়। আমি নিজ এলাকা থেকে প্রচারণা শুরু করছি। ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আগামী ৯ এপ্রিল সকাল সকাল ভোটকেন্দ্রে আসবেন। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ের বিচারকে প্রতিষ্ঠিত করবেন। বিগত দিনে বগুড়ায় নির্বাচনি দায়িত্বে যারা ছিলেন তাদের আমরা পক্ষপাতিত্ব করতে দেখেছি। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যারা ছিলেন তাদের এ নির্বাচনে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কমিশনকে সতর্ক হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেছে বেছে ভালো ন্যায় নীতিবান কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্বে আনতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি বগুড়ায় অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে একজন ওসিকে বদলি করানোর চেষ্টা চলছে। এ রকম পরিস্থিতি থাকলে আমরা আরেকটি মাগুরার নির্বাচন দেখব।
উপনির্বাচনের প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেনসহ একাধিক নেতাকর্মীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দুটি আসনে নির্বাচিত হওয়ায় শপথ গ্রহণের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমান ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হয়ে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।
বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ তথ্যানুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। নির্বাচন তপশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।