‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

পটুয়াখালী শহরে ‘বৈশাখী চাঁদা’ না পেয়ে এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় মৎস্যজীবী দলের কয়েকজন নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সদর থানাসংলগ্ন জেলা পুলিশের মালিকানাধীন একটি মার্কেটে এ ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত ব্যবসায়ী খোকন মল্লিক (৪৪) বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর অভিযোগ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী, সদর উপজেলার একই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে বৈশাখী উৎসবের নামে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার দুপুরে দোকানে ঢুকে বাবুল গাজী, শামীমসহ ১০-১২ জন হামলা চালায় এবং ভাঙচুর করে।
খোকন মল্লিক দাবি করেন, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে চাপাতি দিয়ে তার হাতে আঘাত করে। এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট একই এলাকায় তার আরেকটি দোকানেও হামলার ঘটনা ঘটেছিল বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়া হয়েছে । তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে বাধ্য হয়ে চাঁদা দিতেন এবং বিষয়টি গোপন রাখতেন।
তবে অভিযোগ অস্বীকার করে বাবুল গাজী বলেন, খোকন মল্লিক স্বৈরাচারের দোসর এবং তিনি বাজারে মৃত মুরগি বিক্রি করেন। অনিয়মের অভিযোগে প্রতিবাদ জানানো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।