বিয়েতে ডিজেল উপহার পেলেন কেন্দ্রীয় নেতা

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়ের আয়োজন ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিয়েতে প্রচলিত উপহারের পরিবর্তে অতিথিরা বরের হাতে তুলে দেন ডিজেল।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে সাবেক এই সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ সময় বাংলাদেশ ছাত্র-অধিকার পরিষদের পটুয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা ডিজেল ভর্তি একটি পাত্র উপহার দেন।
বিয়ের এই ব্যতিক্রমী উপহারটি প্রথম আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে। বাংলাদেশ ছাত্র-অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান ছবিটি পোস্ট করে জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে ধরেন। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. সাইফুল মৃধাসহ অন্যান্য নেতাকর্মীরা সম্মিলিতভাবে প্রায় ৩ লিটার ডিজেল একটি ৫ লিটারের পাত্রে ভরে বর-কনের হাতে তুলে দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা মো. ফারুক হুসাইনের ছেলে শহিদুল ইসলাম ফাহিমের সঙ্গে একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম মো. শহিদুল ইসলাম খানের মেয়ে শারমিন স্বর্ণার এ বিয়ে অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ছাত্র-অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মহসিন ইসলাম বলেন, বর্তমান জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরতেই প্রতীকীভাবে এ ধরনের উপহার দেওয়া হয়েছে। এতে করে মানুষের ভোগান্তির দিকটি সবার সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।