পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন, ভ্যাকসিন দিতে হবে: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন। তাকে দ্রুত ভ্যাকসিন দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরে নিজ কার্যালয়ে আয়োজিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
এ সময় রাশেদ খান অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের নিয়ে অশালীন এবং উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন।
তিনি বলেন, পাটওয়ারী দেশের রাজনৈতিক পরিবেশকে প্রতিনিয়ত কলুষিত করছেন। গণঅভ্যুত্থানের পর জামায়াত ও ছাত্রশিবিরের রাজনীতিকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছেন তিনিই।
রাশেদ খানের দাবি, রাজনৈতিকভাবে আলোচনায় থাকতে পারে কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তি আক্রমণ করে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এ সময় তিনি প্রশ্ন ছুঁড়ে বলেন, নাহিদ ও সারজিসদের আয়ের উৎস কী, তারা কি বলতে পারবেন?
সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও রাশেদ খান তা অস্বীকার করেন।
তিনি বলেন, এ ঘটনায় ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। বরং শিবিরের কিছু ক্যাডারই এই হামলার সঙ্গে জড়িত। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান এই বিএনপি নেতা।
এ সময় এনসিপি নেতাদের সমালোচনা করে রাশেদ খান আরও বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই। এ চুক্তি এনসিপি করিয়েছে।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ফিরিয়ে আনতে সব দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক সহিংসতা ও ব্যক্তিগত আক্রমণের রাজনীতি থেকে সরে এসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।




