logo

শিশুর খণ্ডিত মরদেহ পড়ে ছিল ধানক্ষেতে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
শিশুর খণ্ডিত মরদেহ পড়ে ছিল ধানক্ষেতে
জান্নাত আক্তার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুদিন পর জান্নাত আক্তার নামে পাঁচ বছর বয়সি এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলি গ্রামের ধানক্ষেতের পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু জান্নাত আক্তার উপজেলার হুগলি গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ মে) বিকেলে জান্নাত আক্তার ঘর থেকে বের হয়। এরপর সে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করে। একপর্যায়ে সেখান থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে মাইকিং, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোথাও পাওয়া যায়নি।

আজ বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি ধানক্ষেতের আইলে একটি শিশুর খণ্ডিত লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন লাশটি জান্নাতের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ বিচ্ছিন্ন অবস্থায় শিশুটির দেহ ও একটি পা উদ্ধার করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।