logo

মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল ওয়াদুদ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার সাইফুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম তার পাঁচ বন্ধুকে নিয়ে মিনঝিরি এলাকায় অবস্থিত ‘হোয়াইট পিক স্টেশন’ নামের একটি রিসোর্টে বেড়াতে আসেন। দুপুরে রিসোর্টে চেক-ইন করার পর তারা মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় সায়েম নদীর গভীর অংশে চলে গেলে স্রোতে তলিয়ে যান।

ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে লামা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে লামা ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সায়েমের মরদেহ উদ্ধার করে।

রিসোর্টটির ম্যানেজার মো. আরাফাত জানান, নদীর গভীর অংশে লাল পতাকা দিয়ে সতর্কসংকেত দেওয়া ছিল। সেখানে নামতে নিষেধ করা হয়েছিল। তবে সতর্কবার্তা উপেক্ষা করায় এ দুর্ঘটনা ঘটে।