Advertisement

ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, ভোগান্তিতে প্রাথমিক শিক্ষার্থীরা

এশিয়া পোস্ট নিউজ, ধামরাই (ঢাকা)
ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, ভোগান্তিতে প্রাথমিক শিক্ষার্থীরা
ধামরাই উপজেলা পরিষদ কার্যালয়ের ফটক। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় টার্মিনাল মূল্যায়ন পরীক্ষার প্রথম দিনের ইংরেজি পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে নানা ধরনের সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। কোথাও প্রয়োজনের তুলনায় প্রশ্নপত্র কম, কোথাও এক শ্রেণির প্রশ্নের প্যাকেটের মধ্যে পাওয়া গেছে অন্য শ্রেণির প্রশ্ন। আবার কোনো কোনো প্যাকেটে প্রশ্নপত্রের একটি অংশ ছাপা হয়নি। এ কারণে অনেক বিদ্যালয়ে পরীক্ষা শুরু করতে দেরি হয়। কোথাও শিক্ষার্থীদের অতিরিক্ত প্রশ্নপত্রের জন্য অপেক্ষা করতে হয়েছে।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) ধামরাই উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে দ্বিতীয় টার্মিনাল মূল্যায় পরীক্ষা শুরু হয়।

প্রথম দিনের পরীক্ষায় এসব অনিয়মের ঘটনা ঘটে বলে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে।

স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশ্নপত্রের ঘাটতির কারণে কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীদের অপেক্ষা করিয়ে রাখতে হয়েছে। একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ইংরেজি প্রশ্ন ছয়টি কম ছিল। অন্য কয়েকটি বিদ্যালয়ে একই শ্রেণির প্রশ্ন পাঁচটি, সাতটি ও ১৭টি পর্যন্ত কম থাকার কথা জানা গেছে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির প্রশ্নের প্যাকেটে দ্বিতীয় শ্রেণির ইংরেজি প্রশ্ন এবং দ্বিতীয় শ্রেণির প্যাকেটে প্রথম শ্রেণির বাংলা প্রশ্ন পাওয়া যায়। বিদ্যালয়টিতে প্রথম শ্রেণিতে ২২ জন এবং দ্বিতীয় শ্রেণিতে ৪২ জন শিক্ষার্থী ছিল। দ্বিতীয় শ্রেণির প্রশ্নপত্রের ঘাটতি ছিল ২০টি।

চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্যাকেট খুলে বাংলা বিষয়ের প্রশ্ন পাওয়া যায়। সেখানে প্রশ্নপত্রও কম ছিল বলে জানা গেছে।

প্রশ্নপত্রের ঘাটতি মেটাতে কোনো কোনো বিদ্যালয় থেকে প্রশ্ন ফটোকপি করতে পাঠানো হয়। এ সময় শিক্ষার্থীদের একটি অংশকে আলাদা কক্ষে অপেক্ষা করতে হয়। একটি বিদ্যালয়ে ১৭ জন শিক্ষার্থীকে প্রশ্নপত্রের জন্য অপেক্ষা করতে দেখা যায় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

শিক্ষকদের ভাষ্য, প্রশ্নের সংখ্যা কম বা প্যাকেট বদলে যাওয়া নয়, কোনো কোনো প্রশ্নপত্র পুরোপুরি ছাপা হয়নি। কোনো কোনো পৃষ্ঠার একটি অংশ ছাপা থাকলেও বাকি অংশ ফাঁকা ছিল। ফলে পরীক্ষার সময় প্রশ্নপত্র নিয়ে বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীদের সমস্যায় পড়তে হয়।

এর মধ্যে বিদ্যুৎ না থাকায় কোথাও কোথাও পরিস্থিতি আরও জটিল হয়। দ্রুত প্রশ্ন ফটোকপি করে দেওয়ার সুযোগ না থাকায় শিক্ষার্থীদের অপেক্ষার সময় বেড়ে যায়। এতে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করা নিয়েও সমস্যা তৈরি হয়।

এই বিষয়টি নিয়ে কথা হয় কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তারা বক্তব্য দিয়েছেন।

একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, দ্বিতীয় শ্রেণির তিনটি ইংরেজি প্রশ্ন কম পড়েছিল। প্যাকেটেও ভুল ছিল। সব তো চেক করা হয়নি। আসলে পরীক্ষার আগে প্রশ্ন খোলা হয় না। প্রশ্ন দেওয়ার সময় খুলতে গিয়ে এ ধরনের সমস্যা হয়েছে।

ওই শিক্ষক আরও বলেন, প্রথম শ্রেণির প্যাকেটেও ভুল ছিল। প্রথম শ্রেণির ইংরেজি প্রশ্নের প্যাকেটের ভেতরে দ্বিতীয় শ্রেণির ইংরেজি প্রশ্ন ছিল। আবার দ্বিতীয় শ্রেণির ইংরেজি প্রশ্নের প্যাকেটের ভেতরে প্রথম শ্রেণির ইংরেজি প্রশ্ন ছিল। এ ছাড়া প্রথম শ্রেণির ইংরেজি প্রশ্নের সংখ্যাও একটি কম ছিল।

আরেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তার বিদ্যালয়ে প্রশ্নপত্রের ঘাটতি না থাকলেও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক তাকে ফোন করে প্রশ্ন কম থাকার কথা জানিয়েছেন। চার-পাঁচটি বিদ্যালয়ে এ ধরনের সমস্যা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। তবে তিনি নিজে বিষয়গুলো দেখেননি বলে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

প্রশ্ন তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন সংশ্লিষ্ট বিদ্যালয়, একাধিক বিদ্যালয় বা কয়েকটি ইউনিয়নের বিদ্যালয় মিলে তৈরি করতে পারে। শিক্ষকরা প্রশ্ন তৈরি করে প্রধান শিক্ষকের মাধ্যমে গোপনীয়তা বজায় রেখে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা।

তবে ধামরাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রশ্নপত্র তৈরি ও সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রথম টার্মিনাল মূল্যায় পরীক্ষার ক্ষেত্রেও উপজেলা শিক্ষা অফিস প্রশ্ন তৈরি করেছিল বলে সংশ্লিষ্টরা জানান। এজন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রশ্ন তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি পাঁচ টাকা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে ছয় টাকা করে নেওয়া হয়।

প্রশ্নপত্রের ঘাটতি ও ভুলের বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোবাখখারুল ইসলাম মিজানের ফোনে একাধিকবার কল দেওয়া হয়। তবে তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, বিষয়টি আমিও শুনেছি এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। এই ত্রুটি কীভাবে এবং কোন স্তর থেকে হয়েছে, তা নিশ্চিত করতে আমরা একটি তদন্ত প্রক্রিয়া শুরু করছি।

তিনি আরও বলেন, বিষয়টি সম্পূর্ণ যাচাই-বাছাই করা হবে। তদন্তে যার বা যাদের গাফিলতি বা দায়িত্বহীনতা প্রমাণিত হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে শতভাগ আইনি ও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।