logo
Advertisement

সড়ক নির্মাণে রডের বদলে ‘ওয়্যার ম্যাট’

এশিয়া পোস্ট নিউজ,ভোলা
সড়ক নির্মাণে রডের বদলে ‘ওয়্যার ম্যাট’
ভোলার দ্বীপ ইউনিয়ন চর কুকরি-মুকরিতে সড়ক নির্মাণে রডের বদলে ‘ওয়্যার ম্যাট’ ব্যবহার হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চর কুকরি-মুকরিতে প্রায় ২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ সড়কে রডের পরিবর্তে লোহার নেট বা ‘ওয়্যার ম্যাট’ ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, অনুমোদিত নকশা ও প্রাক্কলন (শিডিউল) অনুযায়ীই সংস্কারকাজ করা হচ্ছে।

Advertisement

উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মনুরা বাজার পর্যন্ত সড়কটি ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের অধিবাসীদের যাতায়াত, কৃষিপণ্য ও মাছ পরিবহনের মূল পথ। সরকারি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি পুনর্নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ছাদিকা আফিয়া ইসলাম’।

স্থানীয়দের অভিযোগ, জোয়ার-ভাটা ও নোনা পানির প্রভাব থাকা উপকূলীয় এই নিচু এলাকার সড়কে রডের জায়গায় জিআই তারের চিকন জালি ব্যবহার করায় ভারী যানবাহনের চাপে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার মাহে আলম বলেন, নির্ধারিত নিয়ম ও নকশা অনুযায়ীই সড়কের কাজ করা হচ্ছে। এখানে ‘ওয়্যার ম্যাট’ ব্যবহারের কথা রয়েছে কি না, তা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা যাচাই করে দেখবেন।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. তানজিলুর রহমান বলেন, সব ধরনের সড়কে একই উপকরণ ব্যবহার করা হয় না। আরসিসি সড়কের ক্ষেত্রে রডের সেট ব্যবহার করা হয়। তবে এটি মেরামত বা সংস্কারধর্মী প্রকল্পের আওতাভুক্ত সড়ক। প্রকল্পের নকশা অনুযায়ী এখানে ওয়্যার ম্যাট ব্যবহারের কথা রয়েছে।

তিনি আরও বলেন, সড়কটিতে আগে থেকেই একটি রাস্তা ছিল। সেটি সংস্কার ও পুনর্নির্মাণ করা হচ্ছে। শিডিউল অনুযায়ী ৪ ইঞ্চি পুরুত্বের এই সড়কে ওয়্যার ম্যাট ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, সাধারণত ৫ ইঞ্চি পুরু আরসিসি সড়কের ক্ষেত্রে রড ব্যবহার করা হয়। শিডিউল অনুযায়ীই সড়ক নির্মাণের কাজ চলছে। নির্ধারিত নকশার বাইরে অন্য কোনো সামগ্রী ব্যবহারের সুযোগ নেই।