ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে জুমার নামাজের পর এই সহিংসতার ঘটনা ঘটে।
নিহত নাজিম উল্লাহ (২২) ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িশ্বর গ্রামের বাসিন্দা আব্দুল আউয়ালের সঙ্গে একই গ্রামের ফজলুল হকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার জুমার নামাজ শেষে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাজিম উল্লাহ ঘটনাস্থলেই মারা যান।
এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে ও সংঘর্ষে জড়িয়ে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ওবায়দুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



-87daf8.jpg)