Advertisement

এবার থানায় জিডি করলেন শিক্ষক বিউটি রাণী পাল

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
এবার থানায় জিডি করলেন শিক্ষক বিউটি রাণী পাল
শিক্ষক বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালের একটি রিলস ভিডিও নেতিবাচকভাবে প্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগে ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষক বিউটি রানী পাল তার একটি ভিডিওকে কেন্দ্র করে সাইবার বুলিং ও সামাজিক হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনেছেন।

জিডিতে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ ও ‘প্রিয় ফেঞ্চুগঞ্জ’ নামের দুটি ফেসবুক পেজ এবং একটি আইডিকে অভিযুক্ত করা হয়েছে। এসব প্রচারণার নেপথ্যে আসিফ ইকবাল হিরণ নামে এক ব্যক্তি রয়েছেন বলে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট আইডি ও পেজের প্রকৃত পরিচালকদের শনাক্ত করতে বিষয়টি পুলিশের আইটি সেলে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ভুক্তভোগী শিক্ষক বিউটি রানী পাল বলেন, আমি মূলত রিল তৈরি করতে জানি না। এক সহকর্মীর কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম। পরে স্কুল ছুটির পর বিদ্যালয়ে আমার একটি হাঁটার ভিডিও তিনি ধারণ করেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের ফেসবুক পেজের সম্পাদক আসিফ আহমদ ইকবাল হিরণ তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডাউনলোড করে সংবাদ প্রকাশ করেন এবং নিজের ফেসবুক পেজে আপত্তিকর মন্তব্য লেখেন। হিরণের পাঠানো ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ গ্রহণ না করায় তিনি ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছেন বলে দাবি করেন এই শিক্ষক।

তিনি আরও জানান, হিরণ তাকে ফোন করে বিব্রতকর প্রশ্ন করেন এবং ভিডিওটি মুছে ফেলার অনুরোধও প্রত্যাখ্যান করেন।

বিউটি রানী বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে হেয় করা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় অভিযুক্তরা ভুল স্বীকার না করলে তিনি সাইবার নিরাপত্তা আইনে মামলা করবেন বলে জানান এবং শিক্ষকদের সুরক্ষায় পৃথক আইন প্রণয়নের দাবি জানান।

গত বৃহস্পতিবার বিউটি রানী পাল তার ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি রিলস পোস্ট করেন। ভিডিওতে শাড়ি পরিহিত অবস্থায় বিদ্যালয় প্রাঙ্গণে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে তাকে হাঁটতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে সমালোচনার পাশাপাশি দেশের শিক্ষক, লেখক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ তার প্রতি সংহতি জানিয়েছেন। অনেক শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ের সামনে একই গানের সঙ্গে রিল তৈরি করে প্রতিবাদ ও সংহতি প্রকাশ করছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী বিউটি রানী পাল ২০১৬ সাল থেকে পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

বিষয় :সিলেট