সিলেটজুড়ে ‘ওয়েলকাম আওয়ার দাদু’ ব্যানার-ফেস্টুন নিয়ে কৌতূহল

সিলেট নগরের ব্যস্ত মোড়গুলোতে হঠাৎ ব্যতিক্রমী কিছু ব্যানার ও ফেস্টুন নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়েছে। কয়েকদিন ধরে চোখে পড়ছে— ‘ওয়েলকাম আওয়ার দাদু’ ও ‘উইন্টার ইজ কামিং’ লেখা নানান ব্যানার-ফেস্টুন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি জুড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় এসব ফেস্টুন ঝুলতে দেখা যায়। নকশা ও উপস্থাপনায় এগুলো স্পষ্টভাবেই জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’–এর আলোচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ থেকে অনুপ্রাণিত।
এসব ব্যানার-ফেস্টুনে ডা. শফিকুর রহমানকে দেখানো হয়েছে গেম অব থ্রোনসের চরিত্র জন স্নোর আদলে। হাতে রয়েছে তলোয়ারের মতো আকৃতির দাঁড়িপাল্লা, পেছনের ব্যাকগ্রাউন্ডে তুষার, নেকড়ে ও শীতল আবহের প্রতীকী দৃশ্য।
ফেস্টুনের নিচে আগামী ৭ ফেব্রুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভার কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ফেস্টুনে লেখা রয়েছে— ‘আওয়ার দাদু ইজ কামিং’, ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম, ইনশাআল্লাহ’, ‘উইনটার ইজ কামিং’ ইত্যাদি।
জানা গেছে, ওই দিন নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সিলেট সফরে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রচার চালানো হলেও এই বিশেষ নকশার ফেস্টুনগুলো নিয়ে দলীয়ভাবে ভিন্ন অবস্থান জানিয়েছে জামায়াত।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত হলেও এগুলো দলের সাংগঠনিক উদ্যোগ নয়। শুনেছি কিছু তরুণ এগুলো লাগিয়েছে। দলীয়ভাবে এর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।
এর আগে, একই ধরনের ব্যানার চট্টগ্রাম নগরীতেও দেখা গেছে। সেখানে বড়পোল ও চকবাজার এলাকায় গেম অব থ্রোনসের আদলে তৈরি ব্যানার ঝুলতে দেখা গেছে।
প্রসঙ্গত, ‘উইন্টার ইজ কামিং’ গেম অব থ্রোনস সিরিজে স্টার্ক পরিবারের মূলমন্ত্র হিসেবে ব্যবহৃত হতো। এর মাধ্যমে সামনে আসা বিপদ, সংকট বা কঠিন সময়ের প্রতি সতর্ক থাকার বার্তা দেওয়া হতো। সিরিজের সেই জনপ্রিয় স্লোগানকে রাজনৈতিক প্রচারণার ভাষায় রূপ দেওয়ায় বিষয়টি ভিন্ন আবহ তৈরি করেছে।