logo

 হাইওয়ে পুলিশকে গণপিটুনি, আসামি ৭০ 

 হাইওয়ে পুলিশকে গণপিটুনি, আসামি ৭০ 

ঢাকা-রংপুর মহাসড়কের বড়দারগাহ নামক এলাকায় গাড়ি আটকে চেকিংয়ের নামে ঘুস নিতে গিয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা গণপিটুনির শিকার হয়েছেন। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভুক্তভোগী পুলিশ সদস্যরা মবের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বড়দারগাহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে ঘটনার ১৮ দিন পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পরে হাইওয়ে থানার এসআই সামিদুল্লাহ সরকার বাদী হয়ে পীরগঞ্জ থানায় অজ্ঞাত ৭০ জন ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছেন।

তিনি এশিয়া পোস্টকে জানান, গত ১৯ মার্চ সকাল ৯টায় ঢাকা-রংপুর মহাসড়কের বড়দারগাহ এলাকার বিশমাইল মসজিদের উত্তরে একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। তখন সামনের গাড়ি রাস্তার মাঝ বরাবর ব্যারিকেড দেয়। এরপর ড্রাইভার-হেলপার তর্কাতর্কির একপর্যায়ে মারামারি শুরু হয়। এর মধ্যে মুহূর্তেই ৫০০ গজের মতো জ্যাম লেগে যায়। আমরা যানজটমুক্ত করতে গেলে এই যানজটের জন্য বিভিন্ন গাড়ির যাত্রী ও হেলপাররা এসে বলাবলি শুরু করেন পুলিশ খারাপ। এরপর আমাদের কারণে তাদের ভোগান্তি হয়, এমন অভিযোগ তুলে আমাদের ওপর আক্রমণ করে। আমরা মবের শিকার হওয়ার পরে ঊর্ধ্বতন অফিসারকে জানাই। থানা থেকে লোক আসে। 

ভিডিও ভাইরালের পরে কেন মামলা করা হলো, প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় মামলা দেরিতে করা হয়।

এদিকে ঘটনাস্থল বড়দারগাঁহ হাইওয়ের বিশমাইল মসজিদ এলাকার একাধিক ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, গত ১৯ মার্চ ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ি আটকে চেকিংয়ের নামে ঘুস নিতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয় হাইওয়ে থানা পুলিশের সদস্যরা। সে সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পুলিশের ঘুস গ্রহণের সত্যটা পাওয়ায় কোনো মামলা দায়ের করেননি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পরে নিজেদের সম্মান রক্ষার্থে ঘটনার ১৮ দিন পরে মামলা করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা এশিয়া পোস্টকে জানান, ঈদের দুই দিন আগে গাড়ি চেক করার সময় লোকজন উত্তেজিত হয়ে হাইওয়ে পুলিশের ওপর চড়াও হয়েছিল। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গতকাল পীরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।