Advertisement

চালাতেন অটোরিকশা, বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ গেল যুবকের

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
চালাতেন অটোরিকশা, বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ গেল যুবকের
দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন মিয়াআচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারের দিকে রওনা দিয়েছিলেন ইয়াছিন। পথে মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ইয়াছিনের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, ইয়াছিন পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার নিজের কোনো মোটরসাইকেল ছিল না। বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদি মাসুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।