logo

রাজশাহীতে অটোরিকশা-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীতে অটোরিকশা-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর বাঘায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা-লালপুর আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাঘা উপজেলার বুধপাড়া গ্রামের মৃত নিরাপদ মিস্ত্রির ছেলে শ্রী বিধান মিস্ত্রি (৪৫), নাটোরের লালপুর উপজেলার ফতেপুর বিলমারী গ্রামের নজির উদ্দিন প্রামাণিক দফাদারের ছেলে ও সিএনজিচালিত অটোরিকশার চালক মো. শরিফ হোসেন (৪২) এবং লালপুর উপজেলার আন্দি সালামপুর গ্রামের মৃত নাজিমউদ্দিনের স্ত্রী রোকেনা বেগম (৯০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন যাত্রী লালপুর দিক থেকে বাঘার দিকে আসছিলেন। পথে চন্ডিপুর বাজারের পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ভটভটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক শরিফ হোসেন ও যাত্রী বিধান মিস্ত্রি নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত রোকেনা বেগমও মারা যান। পরে তার মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে বাঘা থানার ওসি সিরাজুল হক বলেন, এ ঘটনায় নিহত দুজনের মরদেহ থানায় রয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।