জাপা নেতার ভাইয়ের বাড়িতে এনসিপি নেতাদের নৈশভোজ

চট্টগ্রামে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে জাতীয় পার্টির (জাপা) এক প্রেসিডিয়াম সদস্যের ভাইয়ের বাড়িতে অবস্থান নেন এনসিপি নেতারা। সেখানে তাদের নৈশভোজ ও রাতযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
রোববার (১২ জুলাই) চট্টগ্রামে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দিনভর আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ শেষে সন্ধ্যার পর তারা বাঁশখালীর বৈলছড়ি গ্রামের ‘মিয়া বাড়িতে’ অবস্থান নেন। বাড়িটি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর যৌথ পরিবারের।
জাতীয় পার্টির প্রবীণ রাজনীতিক মাহমুদুল ইসলাম চৌধুরী দুই মেয়াদে বাঁশখালীর সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক নেতা হিসেবেও পরিচিত।
এই বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এশিয়া পোস্টকে বলেন, ‘মাহমুদুল ইসলাম চৌধুরী সাহেব আমাদের অন্যতম জ্যেষ্ঠ নেতা। দীর্ঘদিন তিনি দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকলেও আশাকরি দ্রুতই আবার সক্রিয় হবেন। এনসিপি নেতাদের সেখানে যাওয়ার বিষয়ে আমরা দলের পক্ষ থেকে খোঁজখবর নেব।’
অন্যদিকে, এনসিপি নেতাদের আগমনের বিষয়টি আগে থেকে জানতেন না বলে দাবি করেছেন মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি এশিয়া পোস্টকে বলেন, এটি তাদের ছয় ভাইয়ের যৌথ বাড়ি, যেখানে তারা কেউ স্থায়ীভাবে থাকেন না। তার এক আমেরিকা প্রবাসী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এনসিপি নেতারা সেখানে থাকার আগ্রহ প্রকাশ করায় তিনি অনুমতি দিয়েছিলেন। তাদের পরিবারের কেউ এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত নয় বলেও তিনি জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই রাতে এনসিপির শীর্ষ নেতাসহ অন্তত ১০ জন নেতাকর্মী মিয়া বাড়িতে নৈশভোজ ও রাতযাপন করেন। সফরকারীদের সার্বিক দেখভাল করেন মাহমুদুল ইসলাম চৌধুরীর ভাতিজা রহিমুল এহসান চৌধুরী মিঠু।
বিষয়টিকে একটি ‘অপ্রত্যাশিত কাকতালীয় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ। এশিয়া পোস্টকে তিনি বলেন, বাড়িটি যে জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরীর, তা আমাদের জানা ছিল না। রায়হানুল ইসলাম নামে একজন আমেরিকা প্রবাসী, যিনি কয়লামুক্ত পৃথিবী নামে একটি এনজিও চালান, তার সঙ্গে আমাদের সম্পর্ক আছে। তার বাসাতেই আমরা গিয়েছি। আমরা জানতাম না তিনি মাহমুদুল ইসলামের ভাই। আর মাহমুদুল ইসলাম জাতীয় পার্টি করেন।
অন্যদিকে, চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় রাজনৈতিক উদারতার দিকে ইঙ্গিত করে বলেন, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের সব নেতাকর্মীই ঢালাওভাবে খারাপ—এমনটা ভাবা ঠিক নয়। এ ধরনের বিভাজনের রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত।






