logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

টানা বৃষ্টিতে তলিয়েছে ক্ষেত, লোকসানের শঙ্কায় চাঁদপুরের চাষিরা

টানা বৃষ্টিতে তলিয়েছে ক্ষেত, লোকসানের শঙ্কায় চাঁদপুরের চাষিরা
জলাবদ্ধতা ও বৃষ্টির চাপে মাটিতে লুটিয়ে পড়েছে আমন ধান। ছবি : এশিয়া পোস্ট

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। অতিবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা। কোথাও পানির চাপে নুয়ে পড়েছে পাকা আমন ধান, কোথাও আবার জলাবদ্ধতায় তলিয়ে গেছে শাকসবজির ক্ষেত। এতে এক দিকে যেমন ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে নতুন করে সবজি আবাদে বাড়তি খরচের বোঝা চেপেছে কৃষকদের কাঁধে। ইতোমধ্যে জেলার ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত তিন দিনে চাঁদপুরে মোট ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় অনেক কৃষিজমিতে স্বাভাবিক চাষাবাদ ও ফসল সংগ্রহ ব্যাহত হচ্ছে।

Advertisement

গত ২৩ নভেম্বর সোমবার সরেজমিনে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে অধিকাংশ সবজির খেতে পানি জমে রয়েছে। অনেক স্থানে লালশাক, পালংশাক, ধনিয়া ও মুলাসহ বিভিন্ন মৌসুমি সবজির গাছ নুয়ে পড়েছে। কোথাও কোথাও সম্পূর্ণ ক্ষেত পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে, আমন ধানের গাছ নুয়ে পড়ায় ধান কাটতে গিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। জমিতে পানি থাকায় অনেকটা পানির মধ্যেই ধান কাটতে হচ্ছে। ফলে শ্রমিকের মজুরি, ফসল সংগ্রহ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

বাগাদী গ্রামের কৃষক মোবারক ব্যাপারী বলেন, টানা বৃষ্টিতে শাকসবজির পাশাপাশি ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে; বিশেষ করে আমন ধানের ক্ষতি বেশি হয়েছে। জমিতে পানি জমে থাকায় ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। সময়মতো ধান কাটতে না পারলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

একই এলাকার কৃষক আবুল কালাম আজাদ প্রায় দুই একর জমিতে ধনিয়া, লালশাক, পালংশাক ও মুলার আবাদ করেছিলেন। তিনি বলেন, টানা বৃষ্টিতে এসব সবজির খেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; অনেক জায়গায় গাছ নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার আবাদ করতে হবে। এতে বাড়তি খরচের পাশাপাশি আগের বিনিয়োগও হারানোর আশঙ্কা রয়েছে।

কৃষক মনসুর আহমেদ প্রায় এক একর জমিতে আমন ধানের চাষ করেছেন। বৃষ্টিতে ধানের গাছ নুয়ে পড়ায় লোকসানের আশঙ্কা করছেন তিনি। মনসুর আহমেদ বলেন, ধান আবাদে যে খরচ হয়েছে, তা বাদ দিলেও এখন ধান কেটে বাড়িতে আনতে যে খরচ হবে, সেই টাকাই শ্রমিকের মজুরি হিসেবে চলে যাবে। এতে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

আরেক কৃষক আবুল বাসার বলেন, মাঠের প্রায় সব কৃষকই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন; মৌসুমি সবজি নতুন করে রোপণ করতে হবে। ঋণ করে সবজির আবাদ করেছিলেন। এখন ফসল নষ্ট হওয়ায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এ অবস্থায় সরকারি সহযোগিতা পেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, টানা তিন দিনের বৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজি আক্রান্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে জরিপ চালাচ্ছেন। তবে আক্রান্ত ফসলের বেশির ভাগই পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জরিপে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনার জন্য সুপারিশ করা হবে।