চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকারে থাকা ৭০ লাখ টাকা লুট করা হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে ঘটনাটির কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার কর্মকর্তাদের দাবি, রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই নিজ কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে অন্তত তিনজনের একটি দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাদের সবার মুখে মাস্ক ছিল। কারখানার পেছনের অংশে কোনো নিরাপত্তাব্যবস্থা বা সিসিটিভি ক্যামেরা না থাকায় তাদের প্রবেশের দৃশ্য ধারণ হয়নি বলে দাবি করা হয়।
পরে দুর্বৃত্তরা চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর তার কাছ থেকে লকারের চাবি নিয়ে সেখানে থাকা ৭০ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই বলেন, বাথরুমের জানালা দিয়ে ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরে। পরে চাবি চাইলে আমি চাবি দিই। এরপর তারা লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে যায়। তাদের মুখে মাস্ক ছিল এবং আমার হাত-পা বাঁধা ছিল।
কারখানার এক ব্যবস্থাপক বলেন, রাতের দিকে দুর্বৃত্তরা বাথরুমের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চীনা কর্মকর্তাকে জিম্মি করে লকার থেকে টাকা নিয়ে যায়। কারখানার ওই অংশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, রাত ১২টার পর সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় একটি ব্যাটারি কারখানায় তিনজন দুর্বৃত্ত প্রবেশ করে এক চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ভুক্তভোগীর দাবি অনুযায়ী ৭০ লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
