logo

এনসিপি প্রার্থীর ভাইয়ের ওপর হামলা, বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে মামলা

এনসিপি প্রার্থীর ভাইয়ের ওপর হামলা, বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও এর ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আতিক মুজাহিদ।

গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আতিক মুজাহিদের নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত স্টিকার ও ছবি সংবলিত একটি গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়িতে থাকা আশিকুর রহমানসহ আরও পাঁচজন নেতাকর্মীকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ করা হয়েছে, ছাত্রদল সভাপতি আমিমুলের নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলায় অংশ নেন।

আতিক মুজাহিদের দাবি, তাকে লক্ষ্য করেই হামলার উদ্দেশ্যে আসা হয়েছিল। তবে ঘটনাস্থলে তাকে না পেয়ে তার ছোট ভাই ও সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার প্রতিবাদে আতিক মুজাহিদ জেলা প্রশাসকের বাসভবনের সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। পরে কুড়িগ্রাম সদর থানায় আমিমুল ইহসানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

আতিক মুজাহিদ বলেন, ‘তারা ভোটের মাঠে হারবে—এ খবর আগেই পেয়ে গেছে। এ কারণে এখন ভয় দেখিয়ে গণজোয়ার থামাতে চায়। কিন্তু কুড়িগ্রামের মানুষ ভয় পায় না।’

বর্তমানে আহত আশিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অন্য আহতদের কুড়িগ্রামেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।