নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল পুলিশ সদস্যের

ঢাকার ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাকে ধাক্কা লেগে মো. খালিদ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় রবিউল নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাড়ে দশটার দিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ হোসেন ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ছোট বাঙালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে গাজীপুর ফিরছিলেন খালিদ। ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ড্রাম ট্রাকে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী রবিউল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থল আশুলিয়া থানা এলাকায় হওয়ায় আইনি সব প্রক্রিয়া আশুলিয়া থানা পুলিশ সম্পন্ন করেছে। নিহত পুলিশ সদস্যের বাড়ি ধামরাইয়ে হওয়ায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


