Advertisement

কানাইঘাটে এনসিপির পদযাত্রা শুরু, যোগ দিচ্ছেন নাহিদরা

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
কানাইঘাটে এনসিপির পদযাত্রা শুরু, যোগ দিচ্ছেন নাহিদরা
কানাইঘাটে এনসিপির কর্মসূচি শুরু হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

সিলেটের গোলাপগঞ্জে দুই দফা হামলার ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কানাইঘাটের পদযাত্রা কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এতে নেতারা প্রথমে সিলেট সার্কিট হাউসে ফিরে যাওয়ার কথা ভাবলেও, শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে কর্মসূচিটি শুরু হয়েছে। এতে যোগ দিতে সিলেট শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনীতে অবস্থিত পৌরসভার গেটের সামনের সড়কে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

হামলার বিষয়টি নিয়ে সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, সড়ক দিয়ে গাড়ি যাওয়ার সময় পাশ থেকে কেউ ঢিল মারে, এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। বিষয়টিকে পুরো গাড়িবহরে হামলা হিসেবে দেখছেন না উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় কেউ আহত হয়েছেন বলে তাদের কাছে কোনো তথ্য নেই।

এদিকে গোলাপগঞ্জের ঘটনার পর কানাইঘাটে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অবস্থান নিলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে উপজেলা সদরে তাদের পাল্টা অবস্থান নেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরবর্তীতে বিএনপি ও জামায়াতের জেলা ও স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরিবেশ শান্ত হয়।

পূর্বসূচি অনুযায়ী বিকেল তিনটায় পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়। বর্তমানে সভাস্থলে স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন, যেখানে শত শত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী অংশ নিয়েছেন।

কানাইঘাটের সভা শেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা পরবর্তী কর্মসূচি অনুযায়ী ওসমানীনগরের পদযাত্রায় অংশ নেবেন।

বিষয় :সিলেট