সীমান্তবর্তী বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী হোয়াইক্যং ইউনিয়নে প্রায় দুই শতাধিক বন্যার্ত পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ জুলাই) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্তে অর্পিত দায়িত্বের পাশাপাশি বিজিবি প্রতিষ্ঠালগ্নের পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তে বসবাসরত সাধারণ মানুষ বিজিবির ওপর আস্থা রাখছে এবং তারাও বিভিন্ন কাজে বিজিবিকে সহায়তা করে আসছে।
তিনি আরও জানান, বিজিবির এই ধরনের উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হচ্ছে। বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
বিজিবির ত্রাণসামগ্রী হাতে পেয়ে হোয়াইক্যং সীমান্ত এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দা মরিয়ম খাতুন স্বস্তি প্রকাশ করে বলেন, টানা অতিবৃষ্টির কারণে নাফ নদের পানি ঠিকমতো নিষ্কাশন না হওয়ায় বাড়িতে পানি ঢুকে পড়ে। চার ছেলে সন্তানকে নিয়ে পরিবারসহ প্রায় দুই দিন চুলায় আগুন জ্বালিয়ে রান্না করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বাড়িঘর রক্ষণাবেক্ষণ ও ক্ষয়ক্ষতি সামাল দিতেই সময় কেটে গেছে। অন্য কোনো কাজ করতে না পারায় আর্থিক সংকটে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে বিজিবির মানবিক সহায়তা পেয়ে আমরা কৃতজ্ঞ। এই সহায়তা দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।





