ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদক, হেলেনা জাহাঙ্গীরের ছেলেসহ গ্রেপ্তার ৬

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ঢাকার আলোচিত ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরের ছেলেসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গাজীপুর মহানগরীর নলজানী এলাকায় ‘ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা’ নামের প্রতিষ্ঠানটিতে জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গাজীপুরে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার ভাটারা এলাকার আবির হোসেন, বসুন্ধরা আবাসিক এলাকার ইফতিয়ার কাসেম চার্লী, দক্ষিণ বাড্ডার রেদোয়ান হাসান চৌধুরী, কাফরুলের ফয়জুল ইসলাম খান লাবিব, হেলেনা জাহাঙ্গীরের ছেলে জাহিদুল আলম জয় এবং গাজীপুরের বাঘের বাজার এলাকার জিহাদ আহম্মেদ রাফি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাহিদুল আলম জয়ের নেতৃত্বে ‘আর্ট এক্স’ ব্যানারে ডিজে পার্টি পরিচালনা করা হয়। সেখানে তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক সরবরাহ করা হয়েছে। ওই অনুষ্ঠান আয়োজনের জন্য রিসোর্টটি আসামি জাহিদুল আলম জয় ভাড়া নিয়েছিলেন।
গাজীপুরে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক জানান, তথ্য পেয়ে ভাওয়াল রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।