নির্বাচনি মাঠ ছাড়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের

সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে হামলাকারীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যথায় নির্বাচনি মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জেলা শহরের কনভেনশন হলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হান্নান মাসউদ বলেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরী উদ্বোধন অনুষ্ঠানে আমার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। চিহ্নিত এসব সন্ত্রাসীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, হাতিয়ায় সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে, নির্বাচনের মাঠে থাকব কি না তা আবারও ভেবে দেখতে হবে। আমরা প্রশাসনকে বারবার বলেও কোনো প্রতিকার পাচ্ছি না।
এর আগে, দুপুরে হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টাধাওয়ার ভিডিও ভাইরাল হয়। ওই সময় শাপলা কলির লোকজনের আহত হওয়ার দাবি করেন হান্নান মাসউদ।
হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রতীক পাল বলেন, কথা-কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের অনুষ্ঠানে ব্যস্ত রয়েছি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাব।