হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে

প্যারোলে মুক্তি পেয়ে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাবার জানাজায় অংশ নিয়েছেন ছেলে এমরান হোসেন উজ্জ্বল (৩৮)।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার নলবুনিয়া গ্রামে এই জানাজা সম্পন্ন হয়। উজ্জ্বল ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান আকনের ছেলে।
জানা গেছে, স্ত্রী হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উজ্জ্বল প্রায় আড়াই বছর ধরে পিরোজপুর জেলা কারাগারে রয়েছে। প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। সেই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়।
বার্ধক্যজনিত কারণে সোমবার বিকেলে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন সিদ্দিকুর রহমান। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা উজ্জ্বলের প্যারোলে মুক্তির আবেদন করে। এরপর সকালে পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের পাহারায় উজ্জ্বলকে তার বাড়িতে নেওয়া হয়। পরবর্তীতে হাতকড়া পরিহিত অবস্থায় জানাজা শেষে আবারও তাকে কারাগারে নেওয়া হয়।
কারাগার সূত্রে জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টার জন্য উজ্জ্বলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। উজ্জ্বল দ্বিতীয়বার বিয়ে করার পর সেই সংসারে তার আড়াই বছর বয়সি দুইটি সন্তান রয়েছে।