মহাসড়কে শুয়ে পড়লেন এলাকাবাসী, ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

টানা ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় ভুক্তভোগী কেউ কেউ রাস্তায় শুয়ে বিক্ষোভ করেন। এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঢাকা থেকে আসা যাত্রীরা।
রোববার (২৪ মে) বেলা ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত জামালপুর বিসিক কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করা হয়। প্রথমে সকাল ১০টার দিকে দড়িপাড়া, দাপুনিয়াসহ ৫ এলাকার বাসিন্দাদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। পরে মহাসড়ক অবরোধ করেন তারা।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, দীর্ঘ ১৯ বছরের জলাবদ্ধতায় শত শত একর ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান পাননি তারা। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। পরে দুপুর ১টার দিকে জামালপুর পৌরসভার কর্মকর্তাদের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। এরপর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা শামীম আহমেদ বলেন, আমরা ১৯ বছর ধরে এই জলাবদ্ধতার মধ্যে আছি। কত মন্ত্রী-এমপি গেল, কেউ আমাদের খোঁজখবর নেয় না। তাই আজকে আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি।

জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে। আপনারা আমাদের সহযোগিতা করুন।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
