সাতক্ষীরায় অপসরণ করা হলো বাঁধ বসানো পাইপ

সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরাকে ঘিরে থাকা উপকূল রক্ষা বাঁধ কেটে বসানো ১২টি নাইনটি (পাইপ) অপসারণ করেছে প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা, ডুমুরিয়া, চাদনীমুখা ও ৯ নং সোরা এলাকার বাঁধ থেকে এসব নাইনটি অপসারণ করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
চিংড়িঘেরে নদীর লবন পানি সরবরাহের জন্য স্থানীয় প্রভাবশালীরা সম্প্রতি উপরিভাগের ব্লক সরিয়ে বাঁধ কেটে ও ছিদ্র করে এসব নাইনটি স্থাপন করেছিলেন।
পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার বলেন, এখন পর্যন্ত গাবুরার চারপাশে টেকসই বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। অনেকে নৌকা আটকানোর জন্য খুঁটি স্থাপনের পাশাপাশি কয়েকজন রীতিমত নির্মাণাধীন বাঁধ কেটে পাইপ দিয়ে নাইনটি স্থাপন করেছে। বাঁধের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিজে থেকে নাইনটিগুলো অপসারণের নির্দেশনা দেওয়া হলেও স্থানীয়রা তাতে শোনেননি। বাধ্য হয়ে বাঁধের জন্য ক্ষতিকর নাইনটিগুলো অপসারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, টেকসই বাঁধ নির্মাণের অংশ হিসেবে ১ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে গাবুরার চারপাশজুড়ে পুনর্বাসন প্রকল্প চলমান। বিশাল কর্মযজ্ঞের মধ্যেই কিছু ব্যক্তি সদ্য নির্মিত বাঁধের উপরের ব্লক সরিয়ে মাটি কেটে পাইপ স্থাপনের মাধ্যমে নাইনটি তৈরি করেছে। খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন অংশের বাঁধ থেকে ১০টিরও বেশি নাইনটি অপসারণ করা হয়েছে। এরপর কেউ বাঁধের ক্ষতির চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।




