সুনামগঞ্জ/আগ্নেয়াস্ত্র হাতে দুই যুবকের মহড়া, ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ

পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারে একটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাজারে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয় এক ব্যবসায়ী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে দিরাই থানা-পুলিশ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক দেশীয় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বাজারে ঘোরাফেরা করছেন। তাদের একজনের পরনে লাল গেঞ্জি। তাকে একটি কাটা বন্দুকের মতো আগ্নেয়াস্ত্রের ভেতরে গুলি ভরতে দেখা যায়। অন্য যুবকের হাতে অপেক্ষাকৃত লম্বা একটি আগ্নেয়াস্ত্র দেখা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে উপজেলার আলহাজ আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে তারাপাশা গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে টংঘর গ্রামের এক শিক্ষার্থীর পরিবারের লোকজন মারধর করেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করেন।
ওই বিরোধের জের ধরে রোববার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে মিলনগঞ্জ বাজারে আবারও কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় সোমবার টংঘর গ্রামের ইসমাইল খানের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে মিলনগঞ্জ বাজারে মহড়া দেন বলে অভিযোগ ওঠে। এ সময় তারাপাশা গ্রামের সালিশকারী ও ব্যবসায়ী আব্দুল তাহিদের জুতা ও কাপড়ের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। পাশাপাশি বাজারে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন আব্দুল তাহিদ।
আব্দুল তাহিদ বলেন, ছাত্রদের নিয়ে মারামারির ঘটনাটি এলাকার লোকজন বসে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে দিয়েছেন। সেই বিরোধের জের ধরে গত রাতে আবারও কথা-কাটাকাটি হয়েছে। আজ বেলা ১১টার দিকে টংঘর গ্রামের ইসমাইল খানের লোকজন বন্দুক নিয়ে বাজারে এসে পাঁচটি ফাঁকা গুলি করেছে। এ সময় আমার দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল দেখে গেছে।
অভিযোগের বিষয়ে জানতে টংঘর গ্রামের ইসমাইল খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে মিলনগঞ্জ বাজারে একটি দোকান ভাঙচুরের খবর পাওয়া গেছে। বাজারে গুলি করার কোনো অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
