logo

ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ (২২) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহদী হাসান মুরাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।

রেলস্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর জন্য আব্দুলপুর জংশনে থামে। এ সময় মাহদী হাসান মুরাদ ট্রেন থেকে প্লাটফর্মে না নেমে বিপরীত পাশে নেমে হেঁটে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই ইঞ্জিন পরিবর্তনের জন্য চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এস এম আবু সালেহ বলেন, ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।