রাজনৈতিক নয়, চুরির মামলায় কিশোর সুমন গ্রেপ্তার: পুলিশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামে এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের দাবি, সুমনকে রাজনৈতিক কোনো মামলায় নয়, বরং সুনির্দিষ্ট চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ মে ও ১৪ জুলাই রাতে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোবা গ্রামের মো. রাজিব মিয়ার বাড়িতে পৃথক দুটি চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় সোনার গহনাসহ বিভিন্ন মূল্যবানসামগ্রী চুরি যায়। পরে ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত, সাক্ষ্যপ্রমাণ এবং প্রযুক্তিগত তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে চুরির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমন শেখকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, অভিযুক্ত সুমন শেখের বিরুদ্ধে এর আগেও এলাকায় একাধিক চুরির মামলা ও অভিযোগ রয়েছে। সর্বশেষ চুরির ঘটনাটিতেও তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরই কেবল আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এটি সম্পূর্ণ একটি চুরির মামলা। সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে রাজনৈতিক মামলা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর এবং বাস্তবতাবিবর্জিত। এ ধরনের অপপ্রচার জনমনে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে তিনি সবাইকে দায়িত্বশীলভাবে তথ্য ও সংবাদ প্রচারের আহ্বান জানান। এই মামলার তদন্ত সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় চলমান রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।
.png)






