logo

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সি এক শিশু মারা গেছে।

বুধবার (১ এপ্রিল) ভোররাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রা নামের ওই শিশুর মৃত্যু হয়।

হাসপাতালের মুখপাত্র ও উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ জানান, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০ জন শিশু চিকিৎসাধীন ছিল। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির শরীরে র‍্যাশ ছিল। তবে সে হাম আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিনি বলেন, হাম থেকে জটিলতা তৈরি হলে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতে পারে। কিন্তু এই হাসপাতালে শিশুদের জন্য পেডিয়াট্রিক আইসিইউ নেই। পেডিয়াট্রিক আইসিইউ চালুর জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মজিদুল ইসলাম জানান, ভর্তি রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত এক মাসে হামের উপসর্গ নিয়ে আসা ২৬ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাজ্জাদ-উল হক বলেন, বর্তমানে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হামের কোনো রোগী ভর্তি নেই।