logo

দিনাজপুরে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

দিনাজপুরে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের খাদ্যভাণ্ডার বলে পরিচিত দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারিভোগ চাল ও লিচুকে বিশ্ব বাজারে বাজারজাত করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে এ অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়ন করতে হবে। একই সঙ্গে এ অঞ্চলের বেকার যুবকদের কাজে লাগাতে দিনাজপুরে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

দিনাজপুরের জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, আমি আজ খুব ভালো আছি। বহু বছর পর নানি বাড়িতে এসেছি। এখন নাতি যে বহু বছর পর নানি বাড়িতে আসলাম, কিছুই তো খাওয়ালেন না আপনারা। একটা কিছু তো দিতে হবে আপনাদের। কী দেবেন? লোকজন সমস্বরে ‘ভোট’ বলে চিৎকার করে উঠলে তারেক রহমান বলেন— কীসে ভোট দেবেন? লোকেরা আবারও চিৎকার করে ওঠে— ধানের শীষে।

এ সময় আগামীর নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন এ দেশের মানুষকে ভোটের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। ১২ তারিখ আমাদের সে সুযোগ এসেছে।

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে শনিবার উত্তরবঙ্গের তিনটি জেলায় সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন। এরপর তিনি নীলফামারী সদর এবং সবশেষে দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেন। বিকাল সোয়া ৩টায় বিরামপুর কলেজ মাঠে উপস্থিত হন তিনি। ৩টা ৩৮ মিনিটে বক্তব্য শুরু করে প্রায় আধাঘণ্টা বক্তব্য দেন। 

এর আগে সকাল ১০টায় ঢাকা থেকে উড়োজাহাজে করে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বেলা ১১টায় সেখান থেকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে পৌঁছান। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, সড়ক পথের পরিবর্তে সময় বাঁচাতে এবং ৩টি বড় জনসভা কভার করতেই হেলিকপ্টারে সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, দিনাজপুর-৩ (সদর) আসনের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর হোসেন, দিনাজপুর-৪ আসনের প্রার্থী আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান, দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। 

স্টেজে উঠে টুলের ওপর দাঁড়িয়ে জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় উপজাতি সাঁওতাল জনগোষ্ঠীর নৃত্যশিল্পীরা নৃত্যের তালে তালে স্বাগত জানান।