logo
Advertisement

৬ মাসের মাথায় রোডমার্চ-লংমার্চ কেন, প্রশ্ন পানিসম্পদমন্ত্রীর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,লক্ষ্মীপুর
৬ মাসের মাথায় রোডমার্চ-লংমার্চ কেন, প্রশ্ন পানিসম্পদমন্ত্রীর
লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজসংলগ্ন খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : এশিয়া পোস্ট

সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ৬ মাসের মাথায় বিরোধীদের রোডমার্চ ও লংমার্চের মতো কর্মসূচি পালন নিয়ে প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমরা ফটোসেশনের রাজনীতি বা ফটোশপ করি না, আমরা বাস্তবে কাজ করতে চাই।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজসংলগ্ন খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার মাত্র ছয় মাস আগে কাজ শুরু করেছে। এরই মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এত বড় কর্মসূচির সব কাজ ৬ মাসের মধ্যে শেষ করা সম্ভব নয়। বিরোধী দলের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৬ মাসের মাথায় আজকে উনারা কী রোডমার্চ আর লংমার্চ করবেন? ২০ হাজার কিলোমিটার খাল কি খনন হয়ে গেছে? বলার সুযোগ আছে?

লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে পর্যায়ক্রমে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে এ্যানি বলেন, এ বিষয়ে পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে এক থেকে দুই দিন করে কাজ করলে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরো কার্যক্রম শেষ করা সম্ভব।

২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচির প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, আমরা স্বপ্নের মধ্যে থাকতে চাই না। এই স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে চাই, বাস্তবায়ন করতে চাই।

ইতিমধ্যে খাল খননের কাজ শুরু হয়েছে এবং এর সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনার কথা উল্লেখ করে এ্যানি বলেন, তার দূরদর্শী চিন্তা থেকেই ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে। ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান নতুন স্বপ্ন দেখাচ্ছেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গত ৬ মাস ধরে কাজ শুরু হয়েছে।

খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপির সদস্য ও বাফুফের সহসভাপতি ওয়াহিউদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সভাপতি মাহবুবুল আলম মামুন, স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট সালমান হায়দার রাশেদ, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামানও উপস্থিত ছিলেন।