logo

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
নিহত সাইফ। ছবি: এশিয়া পোস্ট

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সালমান সাদিক সাইফ (২৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে জোহর বারুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামের মো. সাজন মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের বোন লিজা জানান, সাইফ একটি বেসরকারি কোম্পানিতে পণ্য ডেলিভারির কাজ করতেন। বুধবার সন্ধ্যায় তিনি কাভার্ডভ্যানে পণ্য দিতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি কাভার্ডভ্যান উল্টে গিয়ে তাদের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালক রক্ষা পেলেও সাইফ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

লিজা আরও জানান, চার ভাই-বোনের মধ্যে সাইফ ছিলেন সবার ছোট। গত কোরবানির ঈদে ছুটিতে দেশে এসে বিয়ে করার পর তিনি আবার মালয়েশিয়ায় ফিরে যান। ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ ও সহযোগিতা দাবি করেছেন স্বজনেরা।