Advertisement

মাদারীপুরে মানবপাচার চক্রের মূলহোতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
মাদারীপুরে মানবপাচার চক্রের মূলহোতা গ্রেপ্তার
ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের রাজৈর থানায় দায়ের করা মানবপাচার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জুলহাস সরদারকে (৫০) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং র‍্যাব-৮ (মাদারীপুর)-এর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজৈর থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকা থেকে জুলহাস সরদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুলহাস সরদার রাজৈর উপজেলার সাতপাড়ী এলাকার মৃত মজিদ সরদারের ছেলে। তিনি রাজৈর থানায় 'মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২'-এর অধীনে দায়ের করা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, জুলহাস সরদার ও তার সহযোগীরা রাজৈরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ইউরোপ (ইতালি) পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রার্থীদের লিবিয়ায় নিয়ে আটকে রাখতেন। পরবর্তীতে ভুক্তভোগীদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে সেই ভিডিও স্বজনদের কাছে পাঠানো হতো। এভাবে মুক্তিপণ হিসেবে প্রতিটি পরিবারের কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা দাবি করা হতো।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা রাজৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামিকে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার অপরাধের অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।