উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। গভীর রাতে আগুন লাগায় ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক তৎপরতা অব্যাহত আছে।
এর আগে, গত ২৬ ডিসেম্বর সকালে অগ্নিকাণ্ডে পুড়ে যায় ৪নং রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল ও ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় দশটির বেশি ঘর।