Advertisement

থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচলে ৩০ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচলে ৩০ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচির পদ্মঝিরি নৌঘাট। ছবি: এশিয়া পোস্ট

প্রতিকূল আবহাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

শনিবার (২৫ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমান প্রতিকূল আবহাওয়া এবং নৌপথে চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তার স্বার্থে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

থানচির অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পর্যটন রুট হিসেবে পরিচিত এই নৌপথ দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা নৌযানে করে বিভিন্ন পর্যটন স্পটে যাতায়াত করেন।

বর্ষা মৌসুমে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, নদী ও ছড়ার পানির প্রবাহ বৃদ্ধি এবং প্রবল স্রোতের কারণে এ ধরনের নৌপথে নৌযান চলাচলে ঝুঁকি দেখা দেয়। সাঙ্গু নদী ও আশপাশের নৌপথে পানির স্রোত বেড়ে গেলে ছোট ও মাঝারি আকারের নৌযান দুর্ঘটনার আশঙ্কা থাকে।

প্রশাসন জানায়, এমন পরিস্থিতিতে পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময় পর্যন্ত থানচি সদর থেকে তিন্দুমুখগামী নৌযান চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট নৌযান মালিক, চালক, পর্যটক, স্থানীয় বাসিন্দাসহ সর্বসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং নিষেধাজ্ঞা চলাকালে বন্ধঘোষিত নৌপথে কোনো ধরনের নৌযান চলাচল না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম হাসান জানান, জনসাধারণের জানমাল রক্ষায় প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।