logo
Advertisement

বিদ্যুৎ বিল নিয়ে কটূক্তি করা সেই সিফাতের জামিন নামঞ্জুর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,গাজীপুর
বিদ্যুৎ বিল নিয়ে কটূক্তি করা সেই সিফাতের জামিন নামঞ্জুর
পুলিশ ভ্যানে উঠানো হচ্ছে সিফাত আব্দুল্লাহকে। ছবি : এশিয়া পোস্ট

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

Advertisement

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি শুনানি শেষে বলেন, আমরা তার জামিন চেয়েছিলাম। আদালত জামিন নামঞ্জুর করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাত আব্দুল্লাহর বক্তব্য কিংবা গালিগালাজের যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তা এজাহারে নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে এ বিষয়ে কিছু বলেননি।

তিনি আরও বলেন, ৪ জুনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে সিফাত আব্দুল্লাহর কোনো সম্পর্ক নেই। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকির রহমান বলেন, গ্রেপ্তার সিফাত ফ্যাসিবাদের দোসর। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ তাঁর পক্ষে আইনজীবীরা জামিন চেয়েছিলেন। তবে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, তিনি পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবেই কাজ করেছেন। ৫ আগস্টের আগ থেকেই তিনি ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন এবং তা এখনো অব্যাহত রেখেছেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান বলেন, সিফাত আব্দুল্লাহ এনসিপির সক্রিয় কর্মী। বিগত সময়ে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার আন্দোলনের ছবি ও ভিডিও আমাদের কাছে রয়েছে। এখন তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। এটি এক ধরনের নতুন ফ্যাসিজমের অংশ।

এর আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয় :