তালাকের পর হতাশা, গায়ে আগুন দিয়ে মারা গেলেন নজরুল

বগুড়ার শাজাহানপুরে দাম্পত্য কলহ ও তালাকের জেরে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মারা যাওয়া নজরুল ইসলাম (৪০) আড়িয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার দুই ছেলেসন্তান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক অশান্তির জেরে তিনি নিজের গায়ে আগুন দেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পথে তার মৃত্যু হয়।
ইউনিয়ন পরিষদের সদস্য ঝরনা বেগম জানান, জুয়া ও মাদকাসক্তির কারণে নজরুল ইসলাম প্রতিবেশীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ধার করেছিলেন। এসব নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে তার স্ত্রী তাকে তালাক দেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, দেনার চাপ ও দাম্পত্য কলহের কারণে নজরুল ইসলাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্ত্রীর তালাকের পর হতাশা থেকে তিনি এই চরম পথ বেছে নেন বলে ধারণা।