তেল সংগ্রহ ও বিক্রয়ের হিসাব দিতে না পারায় পাম্প মালিককে কারাদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণের নওরিণ ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের সঠিক হিসাব দিতে না পারার অপরাধে প্রতিষ্ঠান মালিক মো. মিজানুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট তানভীর রাব্বির নেতৃত্বে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অনিয়ম পাওয়ায় কারাদণ্ড ও জরিমানা করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মতলবের নওরিণ ফিলিং স্টেশনে পদ্মা ওয়েল কোম্পানি থেকে ৯ মার্চ-২৪ মার্চ পর্যন্ত চাহিদা মোতাবেক পেট্রোল, অকটেন ও ডিজেল উত্তোলন করেন। কিন্তু বিক্রির সঠিক তথ্য দিতে পারেনি স্টেশনটি। গত ১৬ দিনে (৯ মার্চ-২৪ মার্চ) পেট্রোল, অকটেন ও ডিজেলের বিক্রির রেজিস্টারও দেখাতে পারেনি।
ক্রয় এবং বিক্রির সঠিক হিসাব দিতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় নওরিণ ফিলিং স্টেশন মালিক মো. মিজানুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা করেন সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট তানভীর রাব্বি।