logo

নিজ দোকানে চোখে রড ঢুকিয়ে স্বর্ণকারকে হত্যা

নিজ দোকানে চোখে রড ঢুকিয়ে স্বর্ণকারকে হত্যা
ইসলামপুর থানার ফটক। ছবি : এশিয়া পোস্ট

জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে অমৃত দাশ নামের এক স্বর্ণকারকে চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার মন্নিয়ার চর এলাকার খাটিয়ামারী বাজারে নিজের দোকানে এ ঘটনা ঘটে।

Advertisement

গুরুতর আহত অমৃতকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রাশেদকে আটক করেছেন স্থানীয় লোকজন।

নিহত অমৃত দাশ মন্নিয়ার চর এলাকার অমল দাশের ছেলে। তিনি খাটিয়ামারী বাজারে একটি স্বর্ণের দোকান চালাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অমৃতের সঙ্গে রাশেদের আগে থেকেই বিরোধ ছিল। গত কয়েক দিন ধরে তাদের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এর জেরে শুক্রবার সকালে অমৃতের দোকানে গিয়ে চোখে রড ঢুকিয়ে গুরুতর আঘাত করে রাশেদ। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন রাশেদকে আটক করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে অমৃত ও রাশেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ধারালো অস্ত্র দিয়ে অমৃতের চোখে আঘাত করেন। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় রাশেদকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট