Advertisement

বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে মারা গেলেন বাবাও

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে মারা গেলেন বাবাও
খাটিয়ায় রাখা নিহত বাবা-ছেলের মরদেহ। ছবি : এশিয়া পোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে বিষপানে লিটন কাজী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে ছেলের মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তার বাবা মান্নান কাজীও (৬০)। একই দিনে বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই পাশাপাশি বাবা ও ছেলের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্র ও স্বজনেরা জানান, ঋণের চড়া চাপ সহ্য করতে না পেরে লিটন কাজী বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ বাড়িতে আনা হলে তা সহ্য করতে পারেননি বাবা মান্নান কাজী। ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ার একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত লিটন কাজীর ১০ বছর বয়সি একটি মেয়ে ও ৭ বছর বয়সি একটি ছেলে রয়েছে।

মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ হোসেন একই দিনে বাবা-ছেলের এই করুণ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লিটন কাজীর মরদেহ হস্তান্তর করা হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।