অজুহাতের কারণেই জনগণ আমাদের পুরোপুরি বিশ্বাস করে না: অ্যাডিশনাল আইজিপি

অজুহাতের কারণেই জনগণ আমাদের পুরোপুরি বিশ্বাস করতে পারছে না বলে মন্তব্য করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অ্যাডিশনাল আইজিপি মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নোয়াখালীতে পুলিশের ৫৩তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধনে তিনি এ মন্তব্য করেন।
মো. আলী হোসেন ফকির বলেন, ‘আমরা জনগণের সঙ্গে বিভিন্ন রকমের অজুহাত দেখাই—যে এটা পুলিশের কাজ না, ওইটা পুলিশের না। এ ধরনের অজুহাতের কারণেই জনগণ আমাদের পুরোপুরি বিশ্বাস করতে পারছে না।’
তিনি বলেন, ‘আমরা যদি নিজ স্বার্থ বিসর্জন দিয়ে সত্যিকারের অর্থে দেশের সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন বাস্তবায়নের জন্য প্রকৃত জনগণের সেবক হিসেবে কাজ করতে পারি, তবেই দেশের ১৮ কোটি মানুষের দুঃখ-দুর্দশা ও পুলিশের প্রতি জমে থাকা ক্ষোভ দূর হবে।’
নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. হায়দার আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা নতুন প্রশিক্ষণার্থীদের পেশাদারি বজায় রেখে দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের শপথ নেওয়ার আহ্বান জানান। ৫৩তম ব্যাচের এই মৌলিক প্রশিক্ষণে ৪১৩ নবীন পুলিশ সদস্য অংশগ্রহণ করছে।