logo
Advertisement

জ্বালানি সংকট ও সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
বরিশাল, বরিশাল
জ্বালানি সংকট ও সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

জ্বালানি সংকট নিরসনে সরকারের পদক্ষেপ এবং সম্পত্তি হস্তান্তর আইনের আপত্তি জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরের টাউন হল চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক লোকমান হাকীম। সমাবেশ সঞ্চালনা ও পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের আশরাফী।

সমাবেশে সভাপতির বক্তব্যে সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আপত্তি জানিয়ে অধ্যাপক লোকমান হাকীম বলেন, যেকোনো আইন প্রণয়নের ক্ষেত্রে সর্বস্তরের জনগণের মতামত ও ধর্মীয় মূল্যবোধকে সর্বোচ্চ বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ সময় দেশে চলমান জ্বালানি সংকট, অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার বিভিন্ন সমস্যার মধ্যে সরকারকে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আরও কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

লোকমান হাকীম বলেন, তীব্র জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। দ্রুততার সঙ্গে এ সংকট মোকাবিলায় সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট যে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা অবিলম্বে দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সমাবেশ শেষে টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বরিশাল নগরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মাদ জাকির হোসেন কাফরা, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নাসির উদ্দীন নাইস, সৈয়দ নাসির আহমদ কাউসার, মাওলানা আবু জাফর, অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, হাফেজ মাওলানা রেজাউল করিম, মুহাম্মাদ সিরাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।