মুস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান: জামায়াত আমির

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে ‘চরম অপমান’ বলে বর্ণনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় নিজের বক্তব্যে এ কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, এ ক্রিকেট বিশ্বে আপনাদের আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ; তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান।
জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এ রকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে-এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব’। ক্রিকেট বোর্ড (আইসিসি) এই সংগত দাবিটাকে মানল না; আমরা দুঃখিত, আমরা লজ্জিত।
আইসিসির উদ্দেশে বলেন, এখনো সময় আছে, আমরা অনুরোধ করি-আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন।
জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার , জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সাতক্ষীরা ০১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা ০২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা ০৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা ০৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম প্রমুখ।