logo
Advertisement

রাতের আঁধারে ৩ ঘোড়া জবাই, মাংস ফেলে পালালেন কারবারিরা

এশিয়া পোস্ট নিউজ,শেরপুর
রাতের আঁধারে ৩ ঘোড়া জবাই, মাংস ফেলে পালালেন কারবারিরা
উদ্ধার হওয়া ঘোড়া। ছবি: এশিয়া পোস্ট

শেরপুরের ঝিনাইগাতীতে তিনটি ঘোড়ার জবাই করা মাংস জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে তিনটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফরহাদের বাড়ির পেছনে ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তিরা জবাই করা ঘোড়ার মাংস ফেলে পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলহারি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত রয়েছে। গত রাতে সেখানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস কাটছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে দ্রুত পালিয়ে যান কারবারিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাই করা তিনটি ঘোড়ার মাংস জব্দ করে। একই সঙ্গে উদ্ধার করা হয় তিনটি জীবিত ঘোড়াও। অভিযোগ রয়েছে, পশ্চিম ভালুকা গ্রামের গুতামিয়া নামের এক ব্যক্তিসহ একটি শক্তিশালী চক্র ঘোড়াগুলো জবাই করে মাংস পাচারের প্রস্তুতি নিচ্ছিল।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের আলামত পায়। পরে নমুনা সংগ্রহের পর বাকি মাংস মাটিচাপা দেওয়া হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই কারবারিরা কৌশলে পালিয়ে যান। এ ঘটনাটির তদন্ত চলছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে কারবারিদের আইনের আওতায় আনা হবে।