logo

অনুপ্রবেশকালে আটক আরাকান আর্মির ৩ সদস্য

অনুপ্রবেশকালে আটক আরাকান আর্মির ৩ সদস্য

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত দিয়ে তিনজন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেন। তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত থেকে তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। প্রাথমিকভাবে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বলেন, ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তিনজনকে বিজিবি আটক করেছে বলে জেনেছি। বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।